চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে সরকার রাষ্ট্র ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে বিশ্লেষণ করছে এবং রাষ্ট্র, জনগণ ও অর্থনীতির স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালসহ বে-টার্মিনাল ও লালদিয়া এলাকা পরিদর্শন শেষে নৌপরিবহন মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘এ (ডিপি ওয়ার্ল্ডের চুক্তি) বিষয়ে আমি নিজে ও প্রধানমন্ত্রীসহ একাধিকবার বৈঠক হয়েছে। প্রস্তাবনায় কিছু ইতিবাচক দিক থাকলেও কিছু জায়গায় আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তাই তাড়াহুড়ো না করে সব দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের কিছু প্রস্তাব আমাদের জন্য ভালো, আবার কিছু ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কাও আছে। আমরা দেখছি, কীভাবে রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ সুরক্ষিত রাখা যায়।’

নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, ‘আগের সরকারের সময় থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এখন তা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার নতুন করে সবকিছু খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে নিজেদের অবস্থান থেকে দরকষাকষিও করছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘খুব শিগগিরই এমন একটি সিদ্ধান্ত সামনে আসবে, যা দেশের অর্থনীতি, বন্দর এবং সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হবে।’

এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের স্বার্থ ঠিকভাবে রক্ষা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা গণমাধ্যমের দায়িত্ব। আর সেই সচেতনতার জায়গাটাকেই গুরুত্ব দিয়ে সরকার এগোচ্ছে।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘সরকার যে সিদ্ধান্তই নেবে, তা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নীতি অনুযায়ী- যেখানে রাষ্ট্র ও জনগণের স্বার্থই সবার আগে থাকবে।’

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version