মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল নারীর বিরুদ্ধে একটি পানের গুদামে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরিচের গুঁড়া ছিটিয়ে সাতজনকে আহত করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় একটি মাংসের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা গুদামের সামনের অংশ ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিপক্ষ বাধা দিতে গেলে তাদের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করা হয়। আহতরা হলেন—মিজানুর রহমান, মো. সোহাগ, মুছা, রকি, হাফিজা বেগম, তাছলিমা ও খাদিজা।

এর মধ্যে মিজানুর রহমান ও তার স্ত্রী হাফিজা বেগমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত মিজানুর রহমান জানান, প্রায় ৫২ বছর আগে ক্রয় করা এক শতাংশ জমির ওপর তারা বসবাস করছেন এবং ঘরের সামনের অংশ পানের গুদাম হিসেবে ব্যবহার করেন। তার অভিযোগ, প্রতিবেশী মৃত হামেজ খানের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

শনিবার ঘরের চালা মেরামতের সময় একদল নারী এসে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের মারধর করে এবং ঘর ভাঙচুর করে। অন্যদিকে হামেজ খানের মেয়ে তাছলিমা দাবি করেন, জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি। তারা সেটি উদ্ধারে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। স্থানীয় সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বলেন, বিষয়টি দীর্ঘদিনের বিরোধ।

একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো পক্ষ সমাধানে রাজি না হওয়ায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version