জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলার বালিয়ামারী বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) আওতাধীন লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপি’র একটি টহল দল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২ এর কাছাকাছি লাঠিয়ালডাঙ্গা নামক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
তবে পাচারকারীরা আগেই পালিয়ে যাওয়ায় এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ চোরাচালান, অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির সদস্যরা সবসময় সজাগ রয়েছেন।”
তিনি আরও বলেন, “বিশেষ করে মাদকের ব্যাপারে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। দেশ ও জনস্বার্থে এবং সমাজকে মাদকের বিষবাষ্প থেকে মুক্ত রাখতে সীমান্তে আমাদের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

