জামালপুর প্রতিনিধি: জামালপুরে গণপরিবহনে যাত্রীদের নিত্যদিনের হয়রানি ও চরম অনিয়ম বন্ধ করে নিরাপদ ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইয়েস এর দলনেতা উমর ফারুক। এতে সনাক, সাংবাদিক, আইনজীবীসহ স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ-সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ-সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম।

এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম ও রফিকুজ্জামান মল্লিকসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, জামালপুরের গণপরিবহন ও বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর একক আধিপত্যে চলে গেছে। সাধারণ যাত্রীদের স্বার্থে অবিলম্বে সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে। বক্তারা স্মরণ করিয়ে দেন, সনাকের ধারাবাহিক আন্দোলনের ফলেই জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছিল। তবে বর্তমানে তাদের সেবার মান নিয়েও যাত্রীদের বিস্তর অভিযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, জামালপুরের প্রায় ২৬ লাখ মানুষের দৈনন্দিন যাতায়াত এবং কোটি কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের পথে বর্তমান বাস সার্ভিসের এই অব্যবস্থাপনা একটি ‘বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে। এটি জেলার টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে একটি বড় বাধা। বাস ও রেল সেবার ক্ষেত্রে চলমান চরম অব্যবস্থাপনা ও অনিয়ম প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version