নিজস্ব প্রতিবেদক: জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পরামর্শ ও অভিযোগ শুনতে অভিনব উদ্যোগ নিয়েছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক। এখন থেকে একটি নির্ধারিত ‘কিউআর কোড’ (QR Code) স্ক্যান করেই স্থানীয় বাসিন্দারা সরাসরি এমপির কাছে তাদের মূল্যবান মতামত, পরামর্শ কিংবা অভিযোগ জানাতে পারবেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত বাংলা নববর্ষের কনসার্টে অভিনব এই উদ্যোগের কথা তুলে ধরেন সংসদ সদস্যের সহধর্মিণী ডা. লুৎফা হক।

নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সংখ্যক দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে ডা. লুৎফা হক বলেন, “নেত্রকোনা একটি অবহেলিত এলাকা- এ কথা আমাদের সংসদ সদস্যও বলে থাকেন। আমাদের অনেক কিছু থাকলেও সেগুলোর প্রকাশ বা তুলে ধরার সুযোগ কম। আমরা চাই আমাদের চলার পথে আপনারা মূল্যবান পরামর্শ দিন। আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, কোনো ভুল থাকে, তবে সেটিও ধরিয়ে দেবেন।”

কীভাবে জনগণ অভিযোগ বা পরামর্শ জানাবেন দর্শকদের সামনে তা তুলে ধরে তিনি বলেন, অনুষ্ঠানের মাঠে টানানো বিভিন্ন ব্যানারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। মাঠের বিভিন্ন বাঁশে সংসদ সদস্য ডা. আনোয়ারুল হকের ছবি সংবলিত ব্যানার টানানো হয়েছে। প্রতিটি ব্যানারে ছবির নিচে একটি করে ‘কিউআর কোড’ দেওয়া আছে।

দর্শকদের উদ্দেশ্যে পদ্ধতিটি বুঝিয়ে দিয়ে ডা. লুৎফা হক বলেন, “আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করবেন। এর মাধ্যমে আপনারা সরাসরি ডাক্তার সাহেবের (সংসদ সদস্য) সাথে সংযুক্ত হতে পারবেন। আমরা আমাদের চলার পথে আপনাদের সবসময় সাথে চাই। অভিযোগ জানালে আমরা দ্রুত সেটির ব্যবস্থা নিতে পারব।”

অনুষ্ঠানে নেত্রকোনার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, জনগণের সমর্থনই তাদের চলার পথের প্রধান প্রেরণা। বক্তব্য শেষে তিনি উপস্থিত সবাইকে সুশৃঙ্খলভাবে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান।

এ সময় দর্শকদের একাংশ তাকে গান গাওয়ার অনুরোধ করলে এক হাস্যোজ্জ্বল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে মঞ্চে উপস্থিত সঞ্চালক কবি তানভীর জাহান চৌধুরী জানান, তিনি দারুণ গান গাইলেও আজকের অনুষ্ঠানে গাইবেন না, তবে আগামী কোনো এক কনসার্টে তার গান শোনা যাবে।

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে জনপ্রতিনিধির সাথে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগের ‘কিউআর কোড’ পদ্ধতি নেত্রকোনায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। উপস্থিত দর্শকরা মনে করছেন, এর ফলে এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো খুব সহজেই সরাসরি এমপির নজরে আনা সম্ভব হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version