নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ছয়শো বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ (ফেন্সিডিল সদৃশ) সহ দুজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সোমবার দুপুর ২টার দিকে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এরআগে, এদিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।
জেলা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালানের মাধ্যমে আনা মাদকদ্রব্য অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় মাঠে নামে পুলিশ। সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দুর্গাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা সাকিনস্থ ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়েই ওই দুই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ সংলগ্ন জনৈক হাফিজ উদ্দিনের মনোহরী দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা চারটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ছয়শো বোতল ভারতীয় মাদক ‘Fairdyl’ (ফেন্সিডিল সদৃশ) জব্দ করা হয়।
এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

