চট্টগ্রাম, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। গত দু’দিনে কিছুসংখ্যক ফ্লাইট চালু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি আকাশপথ।
আজ (রোববার) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শুক্রবার ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যগামী এবং সেখান থেকে আগত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৫টি আগমন (অ্যারাইভাল) এবং ১১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট পরিচালিত হয়েছে। তবে একই সময়ে ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি আগমন ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি আগমন ও ৪টি প্রস্থান ফ্লাইট।
এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ১টি আগমন ও ১টি প্রস্থান এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইট বাতিল হয়।
ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আবার সচল হতে শুরু করেছে।
তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অস্থিরতার জেরে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে। তবে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে ফ্লাইট চলাচল দ্রুতই আগের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

