দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের ও ভেজাল মরিচ ভাঙানোর অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, নিম্নমানের মরিচ মেশিনে ভাঙানো ও ভেজালের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন হাফিজুর রহমান ও ভূবন দেবনাথ। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা এবং ভূবন দেবনাথকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও ভেজাল মরিচ ভেঙে বাজারজাত করে আসছিলেন। পাশাপাশি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি ও বৈধ কাগজপত্রও তাদের কাছে ছিল না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

