জামালপুর প্রতিনিধি: জামালপুরে মাত্র ২০ হাজার টাকার যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতনের পর পেটে লাথি মেরে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে জরিমানার এক লাখ টাকা নিহতের বাবা-মাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য সুজানাকে চাপ দিয়ে আসছিল আমিনুল ও তার পরিবার।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালে স্বামী আমিনুল ইসলাম মাত্র ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে বেদম মারধর শুরু করে। নির্যাতনের একপর্যায়ে পাষণ্ড স্বামী আমিনুল সজোরে সুজানার পেটে লাথি মারে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সুজানা আক্তারের মৃত্যু হয়।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুজানার বাবা সুরুজ মিয়া বাদী হয়ে ঘাতক স্বামী আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও জেরায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ (সোমবার) দুপুরে বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আমিনুল ইসলাম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version