জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।
জানাজার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন— জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি; বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ও মরহুমার স্বামী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানাজায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান।
এ সময় স্পিকার তার সহধর্মিণীর সঙ্গে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং তিনি মাউশি’র মহা-পরিচালক পদকে অলংকৃত করেন।
এ সময় হাফিজ উদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে তারা দুজনই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।
জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি; রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি; বিএনপি’র পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা শেষে, বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

