শেখ শামীম, কলমাকান্দা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে সংসদ সচিবালয়। এসব ভুয়া মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।
শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংসদ সচিবালয়ের নজরে এসেছে যে, “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব ফেসবুক পেজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এসব পেজ বা গ্রুপের কার্যক্রম সম্পর্কে মোটেও অবগত নন এবং এগুলোর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করবেন না।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করে বলা হয়, ডেপুটি স্পিকার কেবলমাত্র তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজটিই ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ সম্পূর্ণ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
জাতীয় সংসদ সচিবালয় থেকে জনসাধারণকে এসব ভুয়া ফেসবুক পেজ বা গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এসব গ্রুপে যুক্ত হওয়া বা সেখান থেকে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এ ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি বা তারা এর জন্য দায়ী থাকবেন। উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


