নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ আকাশ গৌড় (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯৬ হাজার টাকা।

আটককৃত মাদক কারবারি আকাশ গৌড় (২৬) বারহাট্টা উপজেলার আসমা বাজার (মডেল স্কুল মোড়) এলাকার রাধে শ্যাম গৌড় ও সরস্বতী গৌড় দম্পত্তির ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা (সেহরির সময়) পর্যন্ত বারহাট্টা থানাধীন আসমা বাজার সংলগ্ন মডেল স্কুল মোড় এলাকায় আকাশ গৌড়ের বাড়িতে এ অভিযান চলে। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি’র (পূর্ব) ওসি মো. তরিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, মাদক ব্যবসায়ী আকাশ অত্যন্ত সুকৌশলে তার টিনশেড ঘরের মাটির মেঝেতে গর্ত করে মদের বোতলগুলো লুকিয়ে রাখতো। শাবল ও কোদাল দিয়ে মাটি খুঁড়ে মদের বোতলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আকাশ গৌড়ের দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না। অল্প কয়েকদিনের মধ্যেই সে অর্থ-বৃত্তের মালিক বনে যায়। সে অত্যন্ত দামি মোটরসাইকেল চালাতো এবং এলাকায় অনেকটা ‘নায়কের’ মতো চলাফেরা করত। কোনো কাজ না করেই নদীর পাড়ে জায়গায় তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করছিল আকাশ।

স্থানীয় এক ব্যক্তির দাবি অনুযায়ী, আকাশ অত্যন্ত সুকৌশলে ফোনে অর্ডার নিয়ে নিজস্ব মোটরসাইকেলে করে গ্রাহকদের কাছে মদ ‘হোম ডেলিভারি’ দিত। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সে মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা ডিবি’র (পূর্ব) ওসি মো. তরিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version