নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের শান্তিপুর এলাকার মো. তাহের আলীর ছেলে মো. কাউসার মিয়া (৩২) এবং একই এলাকার মো. সাদেক মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২০)।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে ওই দুজন মাদক কারবারিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এবং এরআগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের পুটিয়ার খালের স্লুইসগেইট এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে পুলিশের একটি বিশেষ দল সোমবার বিকেলে টহলে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুব্রত ঘোষ এবং কনস্টেবল আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাবুল মন্নান এ অভিযানে অংশ নেন।

অভিযানের একপর্যায়ে রসুলপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত পুটিয়ার খালের স্লুইসগেইটের উপর দুই যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাৎক্ষণিক তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজা উদ্ধারের পরপরই দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) সকালের দিকে আসামিদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুটিয়ার খাল এলাকা থেকে গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়। যুবসমাজকে রক্ষায় ও এলাকা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version