শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রকে (১৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন মো. মাসুদ রানা (২৮), ঢাকা মেট্রোপলিটনের দক্ষিণখান থানাধীন মো. তানভীর (২৮) ও শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন মো. সোহাগ (২৯)।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল সোমবার বিকেলে ঢাকার মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অপহৃত মো. দেলোয়ার হোসেন (১৩) কিশোরগঞ্জ সদর এলাকার মো. জুলহাস মিয়ার মেঝো ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত ৯ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে দেলোয়ার সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের চারদিন পর, গত ১৩ মার্চ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে অজ্ঞাত নম্বর থেকে ভিকটিমের বাবা জুলহাস মিয়ার কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

ছেলের প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত হয়ে জুলহাস মিয়া ১৬ মার্চ কিশোরগঞ্জ সদর মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ অপহরণ মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পরপরই র‌্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) ছায়াতদন্ত শুরু করে এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে তৎপর হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে র‌্যাব-৩, সিপিসি-১ এর সহায়তায় ঢাকা মেট্রোপলিটনের মুগদা থানাধীন মুগদাপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ এর আভিযানিক দল। সেখান থেকেই অপহৃত স্কুলছাত্র দেলোয়ারকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version