রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ মিনি পেট্রোল পাম্প ও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে নাউতারা ইউনিয়নে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে ডিমলা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।
এরপর ১১ মার্চ ২০২৬ তারিখে খগাখরিবাড়ি ইউনিয়নে পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া ১২ মার্চ ২০২৬ তারিখে নাউতারা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্ট সমূহ পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজির ইসলাম এবং প্রসেন জিৎ দাস।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ডিমলা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


