তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম।

অনিয়ম ও দুর্নীতির জন্য তালিকাভূক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সিলেটের কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা, মৌলভীবাজারের কমলগঞ্জের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুলাউড়ার কুলাউড়া সরকারি কলেজ, একই উপজেলার লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, বড়লেখার কেছরিগুল উচ্চ বিদ্যালয়, একই উপজেলার তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের দ্যা বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ এবং হবিগঞ্জ জেলার জে ডি এম (জগদানন্দ দাস মোহন্ত) উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সদরের কবির কলিজিয়েট একাডেমি।

প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম। প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তর—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ই-মেইলেও পাঠানো হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে প্রতিবেদন পাঠানো হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করতে পারবে।

সেখান থেকেও সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানের লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করে তার অনুলিপি director@dia.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলে আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version