দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি বিভাগটির উদ্যোগে এক মহতী মানবিক কর্মসূচি পালিত হয়েছে। রূপালী ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল কর্মচারীদের মাঝে কম্বল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নায়ায়নগঞ্জে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্রকুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভি’র সহযোগী নির্বাহী প্রযোজক আসিফ রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনীত।

এছাড়াও এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট-এর জিএম রেজাউল করিম, আইকিউএসি-এর পরিচালক, সিআরআইআর-এর পরিচালক, বিজনেস, ইঞ্জিনিয়ারিং ও কলা অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে তানজিল হাসনাইন মঈন রনীত বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়; সমাজের প্রতি দায়বদ্ধতা পালনও তার অন্যতম একটি দায়িত্ব।” তিনি জানান, ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিয়মিতভাবে নানা মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আগে শনির আখড়ার জামিয়াতুল শিফা মাদ্রাসায় অন্ধ ও এতিম শিক্ষার্থীদের জন্য ঘরের চাল প্রদান করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক টিভির সহযোগী নির্বাহী প্রযোজক আসিফ রহমান বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। গণমাধ্যমের দায়িত্ব হলো এই মানবিক কর্মকাণ্ডগুলোকে বৃহত্তর পরিসরে তুলে ধরা, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।” এ সময় তিনি নিজের প্রতিষ্ঠিত ‘আলা হযরত সুন্নিয়া মাদরাসা’ এর চ্যারিটি কার্যক্রমের কথা উল্লেখ করেন, যা নেত্রকোনার বারহাট্টায় দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায়দের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্রকুমার রায় তাঁর বক্তব্যে বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্বের অংশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সামাজিক কার্যক্রমে এভাবে সক্রিয় ভূমিকা রাখে, তবে শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও সামাজিক সচেতনতাবোধ আরও গভীরভাবে বিকশিত হবে।”

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কর্মচারীদের হাতে শীতের কম্বল তুলে দেন এবং দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, রূপালী ব্যাংক পিএলসি দীর্ঘকাল ধরে ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিয়মিত পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের মহতী উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চাকে আরও প্রসারিত করবে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে একটি কার্যকর ভূমিকা পালন করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version