দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

একই প্রাঙ্গণ, একই স্বপ্ন আর এক অদম্য সাধনা। এই তিনের মিলনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় গড়েছে এক অনন্য কীর্তি। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষার মাধ্যমে এই একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন ৬ জন মেধাবী চিকিৎসক। সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হাতে মানবসেবার শপথ নিয়ে তারা এখন প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে পথচলা শুরু করেছেন। একই স্কুল থেকে একসঙ্গে ছয়জনের এই বিরল সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

বিদ্যালয় প্রাঙ্গণে যেন উৎসবের আবহ। সবার মুখে গর্ব আর প্রেরণার গল্প। নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজনই এসএসসি ২০১৪ ব্যাচের। ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাস। এ ছাড়া ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার, ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. আনোয়ার রহমান ইমনও একই সাফল্যের অংশীদার। ডা. আনিসুর রহমান রিয়াদ, বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। গৌরীপুরের পুম্বাইল গ্রামের সন্তান রিয়াদ জানান, স্কুলজীবন শেষ হওয়ার আগেই বাবার আকস্মিক মৃত্যু তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। তিনি বলেন, স্কুলের পাঠ চুকানোর আগেই বাবাকে হারিয়েছিলাম।

সেই থেকে প্রতিটি দিন ছিল তাঁর স্বপ্নপূরণের সংগ্রাম। আজ বিসিএস ক্যাডার হওয়া সেই দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমেরই ফসল। অনুজদের উদ্দেশে তার পরামর্শ। পড়াশোনার কোনো বিকল্প নেই। লক্ষ্য স্থির করতে হবে হাইস্কুলের প্রথম দিন থেকেই। ডা. অনন্যা সরকার, যিনি বর্তমানে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত, তিনি বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে সরাসরি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো।

শেকড়ের মানুষের সেবা করতে পারাটা এক অন্যরকম তৃপ্তি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডা. নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল), ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) এবং ডা. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। তাদের এই অর্জনে পরিবারের সদস্য, সহপাঠী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ায় আমরা গর্বিত। তারা কর্মজীবনে আরও সফল হোক। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে আয়োজিত এক কনভেনশন হলে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩হাজার ২শ ৬৩জন ক্যাডারকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। ঈশ্বরগঞ্জের এই ছয় কৃতি সন্তান প্রমাণ করলেন। স্বপ্ন যদি বড় হয়, আর অধ্যবসায় যদি অটুট থাকে, তবে একটি স্কুলই বদলে দিতে পারে একটি জনপদের ভবিষ্যৎ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version