নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে একটি উদ্বোধনী ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এই কার্যালয়টি কার্যত অচল ও দলটির কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় ছিল।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারের মেইন রোডে, মুরগী মহল সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের বন্ধ শাটারের সামনে ব্যানারটি ঝুলতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে “দলীয় কার্যালয় শুভ উদ্বোধন-ফেব্রুয়ারি ২০২৬” এবং এটি “বাংলাদেশ আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা শাখা, নেত্রকোনা” এর নামে টানানো হয়েছে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবির পাশাপাশি সজীব ওয়াজেদের ছবিও দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, ভোররাতের দিকে ওই এলাকায় পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের তরুণ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নামে বেশ কয়েকজনকে স্লোগান দিতে শোনা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এটি সংগঠনটির পুনরায় সাংগঠনিক তৎপরতা শুরুর ইঙ্গিত হতে পারে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে ভাঙচুর চালায়। সে সময় অফিসের চেয়ার-টেবিল, সিলিং ফ্যানসহ যাবতীয় আসবাবপত্র লুট হয়ে যায় এবং তারপর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। তবে সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের ফুল দেওয়া এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের মতো কিছু কর্মসূচি স্থানীয়দের নজরে এসেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল আলম, প্রতিবেদকের সাথে ফোনালাপে তিনি জানান, ব্যানার টানানোর খবর পেয়েছিলেন। খবর পেয়ে বিকালের আগেই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল, তবে তারা গিয়ে কোনো ব্যানার দেখতে পাননি।
ওসি আরও জানান, কারা এই ব্যানার টানিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


