নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধ ও যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির জেরে আব্দুল হাই (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি আতাবুর রহমান প্রকাশ ধানুকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ (সিপিএসসি) এর মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গতকাল বুধবার বিকেলে ঢাকার কোতোয়ালি থানাধীন নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই এবং অভিযুক্তরা প্রতিবেশী ও নিকটাত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আব্দুল হাই ধানের হ্যান্ডট্রলি নিয়ে বাড়ি ফেরার সময় আসামিদের রাস্তায় পুঁতে রাখা বাঁশের খুঁটির কারণে বাধার সম্মুখীন হন। প্রতিবন্ধকতা দূর করতে তিনি খুঁটিগুলো তুলে পুনরায় অন্য স্থানে পুঁতে রাখেন।
এমন তুচ্ছ ঘটনার জেরে ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে আতাবুর রহমান ধানুর নেতৃত্বে এজাহারভুক্ত অন্যান্য আসামিরা তারাকান্দার মধ্যতারাটি পশ্চিমপাড়ায় আব্দুল হাইয়ের বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্র (রাম দা) দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়।
হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৭ ডিসেম্বর তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪)। মামলা রুজুর পরপরই র্যাব-১৪ (সিপিএসসি), ময়মনসিংহ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোপন সংবাদের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হওয়ার পর, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে র্যাব-১৪ এর আভিযানিক দল এবং র্যাব-১০ (কেরানীগঞ্জ) এর সদর কোম্পানির যৌথ সহায়তায় ডিএমপি ঢাকার নয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আতাবুর রহমান প্রকাশ ধানুকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহের তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।


