নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক এবং অপহরণ মামলার এক ভিকটিমকে (স্কুলছাত্রী) উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার ভোরে কালিহাতী উপজেলার এলেঙ্গা এবং গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঘাটাইল উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ‘জমজম’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আব্দুল লতিফ (৪৩) এবং একই জেলার মহাঃ সনু আলী (৩৬)।
র্যাব আরও জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যে বাসের বক্সে বিশেষ কায়দয় লুকানো ফলের কার্টুনের ভেতর থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ ৩৫ হাজার টাকা। এছাড়াও তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়েছে।
অপর এক অভিযানে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। মামলার বিবরণ থেকে জানা যায়, প্রতিবেশী মো. নাইম (১৯) ভিকটিম স্কুলছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ভিকটিম অসম্মতি জানালে চলতি বছরের ১৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে স্কুল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ২০ জানুয়ারি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২২) দায়ের করা হয়।
এ অপহরণ ঘটনার ছায়াতদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ছয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে উভয়কেই টাঙ্গাইল জেলার কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


