নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে জেলা শিবিরের সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, “যারা নতুন করে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালাতে চায়, তাদের ইসলামী ছাত্রশিবিরকে ভয় করা উচিত। দেশপ্রেমিক ছাত্রজনতা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো অতিক্রম করে কুড়পাড়ায় অবস্থিত শিবিরের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীদের হাতে ছিল সংগঠনের পতাকা, ফেস্টুন এবং বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিবিরের সভাপতি মো. রাসেল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা শিবিরের সেক্রেটারি তৌফিক, অফিস সহকারী আতিক হাসান, জেলা নেতা জুবায়ের আহমেদ সাজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের দীর্ঘ ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলন জোরদার করার মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়া সম্ভব। মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্রশিবির নিরলস কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার কর্মী ও সাথীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়।


