রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ডিমলা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ডিমলা এবং পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়া পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ডিমলা উপজেলায় কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে যৌথ বাহিনী সর্বদা মাঠে থাকবে।”
তিনি আরও বলেন,
“নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। জনগণের জানমাল ও ভোটাধিকার সুরক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমাম মোশারফ, লেফটেন্যান্ট নাজমুস, ৭ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, নীলফামারী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, র্যাবের উপ-সহকারী পরিচালক মোকাদ্দিস রহমান এবং বিজিবির নায়েক সুবেদার দিলীপ কুমারসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করবে। প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


