দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
আমাদের দুর্গাপুর কলমাকান্দার ধর্মপ্রাণ মুসলমান যাদের অনুভূতিকে পুঁজি করে কেউ কেউ বিভিন্নভাবে প্রলোভন ও প্রতারণা করছেন, তাদেরকে আমি অনুরোধ করব প্রার্থীদের ইতিহাসটা জেনে দয়া করে ভোট দিন। কারণ ভোট পবিত্র আমানত। যাদের ইতিহাস আছে এই আমানতের খেয়ানত করার, তাদেরকে আবার আমানতকারী হিসেবে বানানো ঠিক নয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, নির্বাচনে পাশ-ফেল আছে। মহান রাব্বুল আলামিন এই দুজাহানের মালিক তিনি ঠিক করে রেখেছেন কাকে তিনি কবুল করবেন। কিন্তু আমাদের এই পবিত্র ধর্ম, আমাদের এই প্রাণের ধর্মকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, এই ধর্মের দোহাই দিয়ে যারা ভোট কামনা করছেন।
কে কাকে ভোট দিবেন এটা একান্তই ব্যক্তিগত বিষয়। তবে যেভাবে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে, সেই ব্যাপারে নিশ্চয়ই আলেম-ওলামা কেরামদের এগিয়ে আসা উচিত। কায়সার কামাল বলেন, ভোট একটা আমানত। এই আমানতটা পাঁচ বছরের জন্য আমরা একজনকে দিয়ে দিই। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমার মনে হয় এই আমানতটা সঠিক জায়গায় দেওয়া উচিত।
যাদের ইতিহাস আছে অসত্য, ঘুষ ও দুর্নীতির তাদের ক্ষেত্রে এই আমানতটা দেওয়া উচিত কিনা, তা কিন্তু প্রশ্নের দাবি রাখে। তিনি আরও বলেন, ৯১ সালের জাতীয় নির্বাচনে আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা।’ এই স্লোগানের মাধ্যমে সে সময় তৌহিদী জনতা বিজয় ছিনিয়ে এনেছিল। আমি ওই স্লোগানকে অনুকরণ করে একটা কথা বলি ওদের হাতে অসততা ও দুর্নীতির পতাকা, আর আমার বা আমাদের হাতে শতভাগ সততার পতাকা, ইনশাল্লাহ। নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, ছাত্ররা সারাদিন পড়াশোনা করে পরীক্ষায় অংশ নেয় এবং পাশ করে।
আমি একটা কথা বলি আমাকে একবার পরীক্ষায় পাশ করিয়ে দেখেন, আমি আমার কথা রাখতে পারি কিনা। আমার যে ওয়াদা, যদি আমি বরখেলাপ করি, তাহলে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। এই হিকমতটা আমার আছে আল্লাহর নাম নিয়ে আমি এই কথাটা বলতে পারি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখার আয়োজনে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ তাহের কাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।



