শেখ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাদবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আদিবাসী সম্প্রদায়ের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রবিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক জনমত গঠনে আয়োজিত এই সভায় শুধু সাধারণ ভোটার নয়, বরং নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৈঠকে অংশ নেওয়া আদিবাসী নারী-পুরুষ এবং হাজং সম্প্রদায়ের সদস্যরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। উপস্থিত নারীরা জানান, তারা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চান যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে।

তাদের প্রধান দাবির মধ্যে ছিল- সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, উন্নত শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা সহ দ্রুত ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রাপ্তি।

একজন নারী ভোটার বলেন, “আমরা কেবল ভোট দিতে চাই না, আমরা চাই আমাদের মর্যাদা ও নিরাপত্তার গ্যারান্টি। ধানের শীষের প্রচারণায় এসে আজ নিজের কথাগুলো বলার সুযোগ পেলাম।”

আয়োজকদের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের রাজনৈতিক দর্শন তুলে ধরে বলা হয়, ধানের শীষ প্রতীকের মূল লক্ষ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা রক্ষা করা। বিশেষ করে নেত্রকোনার প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় তিনি সংসদে জোরালো ভূমিকা রাখবেন বলে সভায় অঙ্গীকার করা হয়।

স্থানীয় বিশ্লেষকদের মতে, সাধারণত গ্রামীণ নারীরা সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে কম অংশ নিলেও দুর্গাপুরের এই চিত্র ভিন্ন। এই ধরনের উঠান বৈঠক তৃণমূল পর্যায়ে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করে তুলছে এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে আশার সঞ্চার করছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের ঐক্যই পরিবর্তনের মূল শক্তি। তাই প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় ধারাবাহিকভাবে এই ধরনের জনসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version