বৃহস্পতিবার, অক্টোবর ২২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় বাংলা বিভাগ ও গবেষণা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘২৬তম প্রয়াণ দিবসে কবি সুফিয়া কামাল স্মরণানুষ্ঠান’। কবি সুফিয়া কামালের মানবতাবাদী চেতনা, নারী-অধিকার আন্দোলনে তাঁর অবদান এবং বাংলা সাহিত্যে তাঁর অগ্রণী ভূমিকা নতুনভাবে অনুধাবনের লক্ষ্যেই এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, ‘সুফিয়া কামাল আমাদের সাংস্কৃতিক দীপ্তি, যাঁর সাহিত্য ও সংগ্রামী জীবন বাংলার মানবিক চেতনাকে প্রতিক্ষণে আলোকোজ্জ্বল রেখেছে।’

স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি বলেন, ‘সুফিয়া কামালের সাহিত্য আমাদের সামাজিক ন্যায়, নারীমুক্তি ও মানবিক অগ্রগতির প্রেরণা দেয়। তাঁর ভাবনা আজও সমান প্রাসঙ্গিক।’

স্মরণানুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সাঁঝের মায়া ট্রাস্টের সাধারণ সম্পাদক ড. মোতাহার আখন্দ, আলোকচিত্রশিল্পী ও শিল্প-গবেষক সাহাদাত পারভেজ এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব। 

তাঁরা সুফিয়া কামালের সাহিত্য, নারীমুক্তি-আন্দোলনে তাঁর ভূমিকা এবং মানবিক মূল্যবোধের ওপর তাঁর চিন্তার গভীরতা নিয়ে আলোচনা করেন। আলোচকরা উল্লেখ করেন যে, সুফিয়া কামাল কেবল কবি নন- তিনি বাংলাদেশের সামাজিক রূপান্তরের এক ঐতিহাসিক ব্যক্তিত্ব, যাঁর সাহস ও সৃজনশীলতা নতুন প্রজন্মকে প্রভাবিত করে চলেছে। 

অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন এম.এ শ্রেণির পূজা সরকার ও আজমিরী ইসলাম। 

তাঁরা প্রবন্ধের মাধ্যমে সুফিয়া কামালের সাহিত্যিক অবদান ও মানবতাবাদী চিন্তাধারার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত আনজুম রাইসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মো. আব্দুল হালিম। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সুফিয়া কামালের ভাষা মানবতার পক্ষে এক অদম্য কণ্ঠস্বর; তাঁর সাহিত্যকে গভীরভাবে পাঠ ও অনুধাবন করা আমাদের দায়িত্ব।’ 

অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জাহান। স্মরণানুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এই আয়োজনের উদ্দেশ্য ছিল কবি সুফিয়া কামালের সাহিত্য, জীবনদর্শন এবং সমাজচিন্তাকে নব প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ে মানবিক মূল্যবোধভিত্তিক বৌদ্ধিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version