Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখে আলো ফিরলো ৩ শতাধিক মানুষের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তিন শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭ম ধাপে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশনের মধ্য দিয়ে মোট ৩০৪ জনের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হলো। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের চোখের অপারেশন করা হয়।

‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল।

এসব রোগীরা দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগলেও অর্থ সংকটে তারা এতদিন চিকিৎসা করাতে পারেননি। কায়সার কামাল সম্পূর্ণ নিজ খরচে তাদের চিকিৎসা করিয়েছেন। এছাড়া তাদের খাওয়াদাওয়া, ঔষধ, যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করেছেন তিনি।

উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে হাসপাতালে নিয়ে আসেন। অপারেশন সম্পন্ন হবার পর তারা আবার রোগীদের বাড়ি পৌঁছে দেন।

জানা গেছে, গত ১১ আগস্ট ৬ষ্ঠ ধাপে ৪৭ জনের,৭ আগস্ট পঞ্চম ধাপে ২৪ জনের, ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের, ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সম্পন্ন হয়। এর আগে ২৩ জুলাই দ্বিতীয় ধাপে ৫০ জন এবং ১৯ জুলাই প্রথম ধাপে ৪২ জন নারী-পুরুষের ছানি অপারেশন করা হয়।

ছানি অপারেশন সম্পন্ন হওয়া ব্যক্তিরা চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন।

স্থানীয় সূত্র জানায়,দুর্গাপুরের গুজিরকোণা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।

Exit mobile version