চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা করার দায়ে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নৌকার প্রার্থী ডা.শিমুলকে শোকজ প্রদান করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান।

ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, রোববার বেলা ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।

জানাযায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষায় অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। মতবিনিময় সভায় প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় গত ৫ বছরে নিজের মেয়াদকালের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় আগামীতে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের দুপুরের খাবার খাওয়ানো হয়। সভার ব্যানারে লিখা ছিল ‘নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা’। সভায় উপস্থিত ছিলেন আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে উন্মুক্ত স্থানে সভা করে ভোট প্রার্থনা বা নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না। এছাড়াও ভোটারদের কোন কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেয়া যাবে না। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর নিদিষ্ট সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানো ও প্রচারনার উদ্দেশ্যে ভোজের আয়োজন করে গণজামায়েত করায় আচরণবিধিমালার ৬ (খ), (গ), ১০ (চ) ও ১২ এর লঙ্ঘন করায় এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে শোকজ করা হয়।

এবিষয়ে বক্তব্য জানতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version