Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

ইসি কর্মকর্তারা জানান, এবার ২৬টির মতো রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের তেমন সাড়া পড়েনি। শেষদিনেই বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে চায়। বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এদের মধ্যে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

Exit mobile version