শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা এলাকায় বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৭ যাত্রী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ২৭ বছরের ইমরান হোসেন, বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে দুই বছর বয়সী হোসেন ও হোসাইন, তার মেয়ে ৭ বছরের খাদিজা, একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ৩০ বছরের ফাহিমা খাতুন এবং অন্যদুইজন অজ্ঞাত। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।



