রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের দিকে এক বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের এক নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন। তখন অশ্লীল ভাষায় কথাও বলেন ওই বিদেশি।

চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানা গেছে। রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত ১৮ জানুয়ারি ভিডিওটি ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না, এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয় সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।

টাকা ছুড়ে মারার বিষয়ে তিনি বলেন, এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে। হঠাৎ ওই বিদেশি কেন এতো রাগান্বিত হলেন, এ বিষয়টিও দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version