দ্যা মেইল বিডি / খবর সবসময়

রাস্তা যেন মরণফাঁদ

কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি:

মরণফাঁদে পরিণত হয়েছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকার বুগাই শাখা নদীর ওপর নির্মিত একটি সেতু।

সেতুটির পূর্বদিকের শেষপ্রান্তে বালু সরে গিয়ে বিশাল এক গর্তের সৃষ্টি হয়। পশ্চিম দিকের গার্ডার ও সেতুরক্ষা বাঁধও ভেঙে গেছে। ফলে প্রায় ১৫টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন। সেতুটি এখন যেনো একটি মরণফাঁদে পরিণত হয়েছে।

 

জানা যায়, গত (২৮ নভেম্বর) রাতে মোটরসাইকেল তিনজন আরোহী গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণেই দেড় বছরের মধ্যেই সেতুটির এ অবস্থার সৃষ্টি হয়েছে। সেতুটির পাশে রয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই ঝুঁকিপূর্ণ সেতু পেরিয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে। এত বড় বড় গর্তের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের মেরামতের কোনো খবর নেই।

চলাচলে যানবাহন মালিকরা আরো জানান, জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে প্রতিদিনই শত শত মোটরসাইকেল, পিকআপ, অটোবাইক, অটোরিকশা ও মালবাহী যানবাহন চলাচল করছে। সেতুর ওপর ওঠানামার দুই পাশে ভয়ংকর গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে অসংখ্য যানবাহন চলাচল করছে।
প্রায় অর্ধেক অংশ ভেঙে বিশাল খাদে পরিণত হয়েছে। সেতুটির মুখে যে গর্তের সৃষ্টি হয়েছে, তাতে বিপদ নিশ্চিত। কোনো চালক হঠাৎ না জেনে এ সড়ক দিয়ে এলে গর্তে পড়ে বড় বিপদের মুখে পড়তে পারেন।

এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কলমাকান্দা উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, সেতু ও সেতুসংলগ্ন রাস্তাটি মেরামতের টেন্ডার হয়েছে। ঠিকাদারও নিয়োগ করা হয়েছে।

Exit mobile version