Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

‘অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি বন্ধ না হলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃংখলা পরিস্থিতির। তাই অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। জিএম কাদের আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্রনেতা আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেলো কয়েক বছরে সে একাই সারাদেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, কিভাবে অভিনব কায়দায় অস্ত্র এনেছে বাংলাদেশে।’

বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

Exit mobile version