সোমবার, নভেম্বর ৩০

চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে। পাশাপাশি তুরস্কের সম্ভাব্য সহযোগিতাও দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ভারত। এ পরিস্থিতিতে পাকিস্তানের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ‘ভবিষ্যৎ যুদ্ধের ধরন ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জেনারেল রাজা সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতার উন্নতি হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (SUPARCO) নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজ করছে। এ ছাড়া তুরস্কের কাছ থেকেও পাকিস্তান সহায়তা পেতে পারে বলে ভারতকে বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান (আইএসআর), অবস্থান নির্ণয়, নেভিগেশন এবং সময় নির্ধারণসংক্রান্ত ক্ষেত্রে চীনের যেসব সক্ষমতা রয়েছে, সেগুলোর সুবিধা পাকিস্তানও পেতে পারে। ফলে এসব বিষয় ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এদিকে মহাকাশভিত্তিক নজরদারি সক্ষমতা বাড়াতে ভারতও নিজস্ব কর্মসূচি এগিয়ে নিচ্ছে। দেশটির স্পেস-বেজড সার্ভেইল্যান্স (এসবিএস-৩) কর্মসূচির আওতায় ৫২টি সামরিক উপগ্রহ তৈরির ও উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পিত ৫২টি উপগ্রহের মধ্যে ২১টি তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বাকি ৩১টি উপগ্রহ তৈরির দায়িত্বে থাকবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

ভারতের প্রতিরক্ষা প্রধানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দক্ষিণ এশিয়ায় মহাকাশ প্রযুক্তি ও নজরদারি সক্ষমতার গুরুত্ব বাড়ছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রগতি এবং চীনের সঙ্গে সহযোগিতার বিষয়টি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version