নিজস্ব প্রতিবেদক | দ্যা মেইল বিডি
গণভোটের রায় অস্বীকার এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করার পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনআস্থা অর্জনে জামায়াতের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসায় জামায়াতের গাজীপুর মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণের অভিযোগ তোলেন শফিকুর রহমান। তাঁর দাবি, এসব ক্ষেত্রে সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেখানো পথেই হাঁটছে। এভাবে চলতে থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার সরকারের মতো হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতাসীন বিএনপির পছন্দের ব্যক্তিদের বসানোর অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এর ফলে জনগণের ভোটের ভিত্তিতে পরিচালিত ব্যবস্থার পাশাপাশি দলীয় পছন্দনির্ভর আরেকটি ব্যবস্থা তৈরি হচ্ছে।
এদিকে, সন্ত্রাসী হামলায় আহত বরগুনার জামায়াত নেতা শামীম আহসানকে শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দেখতে যান শফিকুর রহমান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ করেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।




