কৃষি উদ্ভাবন থেকে বাণিজ্য সম্প্রসারণ, চারটি নতুন উদ্যোগে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের অনুদান ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | The Mail BD
বাংলাদেশে চারটি নতুন উন্নয়ন উদ্যোগে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বা প্রায় ৩৯০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে কানাডা। কৃষি উদ্ভাবন, অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ও সংস্কার, অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে এই অর্থ সহায়তা দেওয়া হবে। ১৮ অক্টোবর ঢাকায় কানাডীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরির লক্ষ্যেই ছিল তাঁর এই সফর। সফরকালে বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সারাই। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্ব উঠে আসে। সফরকালে ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন কানাডার প্রতিমন্ত্রী। সেখানে কানাডার সহায়তায় তরুণ-তরুণীরা, বিশেষ করে নারীরা, কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন, সে বিষয়ে তিনি জানতে পারেন।
এ ছাড়া ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ—আইসিডিডিআরবি পরিদর্শন করেন সারাই। কানাডার সহায়তায় পরিচালিত গবেষণা কীভাবে স্বাস্থ্য সমস্যার সমাধানে সাশ্রয়ী ও জীবনরক্ষাকারী ভূমিকা রাখছে, তা তুলে ধরা হয়। কানাডা বর্তমানে আইসিডিডিআরবিকে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য ১৫ মিলিয়ন কানাডীয় ডলার অনুদান দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ও গুরুত্ব পায়। একই সঙ্গে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।





