নিজস্ব প্রতিনিধি | দ্য মেইল বিডি (The Mail BD)
সৌদি আরবে হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি ও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।
এদিকে জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। যাত্রীদের চাপ সামলাতে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্লাইটের সময়সূচি, টিকিট ও বুকিং-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।





