বৃহস্পতিবার, অক্টোবর ১

দ্য মেইল বিডি ডেস্ক

রাজধানীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিনটি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের মোট ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিলুপ্ত কমিটিগুলো হলো—৫১ সদস্যের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে কমিটি বিলুপ্তির নির্দিষ্ট কোনো কারণ সেখানে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একইভাবে মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এ সংগঠনের পক্ষ থেকেও শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।

বহিষ্কার ১৪ নেতা

কমিটি বিলুপ্তির পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ১৪ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির বহিষ্কৃত তিন নেতা হলেন—ঢাকা মহানগর উত্তর-শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান। তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ছাত্রদলের পাঁচ নেতাকেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।

এ ছাড়া দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

শ্রমিক দলের চার নেতাকেও সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।

রাড্ডা সেন্টারের ঘটনার পর সাংগঠনিক পদক্ষেপ

সম্প্রতি রাজধানীর মিরপুর-১ এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরদিন পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়।

তবে বুধবার রাতে তিন কমিটি বিলুপ্ত ও ১৪ নেতাকে বহিষ্কারের বিষয়ে দেওয়া পৃথক দলীয় বিজ্ঞপ্তিগুলোতে রাড্ডা সেন্টারের ঘটনার কোনো উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বিএনপির বহিষ্কারের ক্ষেত্রে অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং ছাত্রদলের ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে। যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি শিগগির ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বিলুপ্ত তিন সাংগঠনিক কাঠামোর স্থলে নতুন নেতৃত্ব কীভাবে নির্ধারণ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version