নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যা, চুরি ও নারী নির্যাতনসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. লিয়াকত আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত মো. লিয়াকত আলী জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব জটিয়াপাড়া গ্রামের মৃত হাজী সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন দুপুরে জেলার মাদারগঞ্জ থানাধীন ফায়ার সার্ভিস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে জামালপুর ক্যাম্পের (সিপিসি-১, র্যাব-১৪) একটি চৌকস দল মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লিয়াকত আলীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।
র্যাবের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃত লিয়াকত একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০২১ সালের ৯ জুন মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এ মামলায় তিনি পলাতক ছিলেন।
২০১৫ সালের ২৯ জুলাই মাদারগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। ২০২২ সালের ১৯ জানুয়ারি জামালপুর সদর থানায় পেনাল কোডের ৩৫৪/৩৮০ ধারায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। ২০২৩ সালের ৪ ডিসেম্বর মেলান্দহ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব প্রতিটি মামলারই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন লিয়াকত আলী।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি লিয়াকত তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন। র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বর্তমানে ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
