নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম পলাতক আসামি রবি ওরফে রবিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গতকাল (বুধবার) রাত পৌনে ৯টার দিকে জেলার করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তি ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রবি ওরফে রবিকুল ইসলাম এবং মামলার অন্যান্য আসামিরা বাদী ইকরামুল হাসান অনিকের প্রতিবেশী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ১১ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আবু কালামের ছেলে ভুক্তভোগী ইকরামুল হাসান অনিক বাদী হয়ে গত ১২ মার্চ কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলাটি রুজু হওয়ার পর থেকে আসামিরা গা ঢাকা দেয়। এদিকে মামলার পর থেকেই আসামিদের ধরতে র্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিবিড় নজরদারির ধারাবাহিকতায় গতকাল রাতে কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ থানার গুজাদিয়া জনতা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দল। অভিযানে এ হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি রবি ওরফে রবিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
