নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের পাম্পগুলোতে ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো এবং কৃত্রিম সংকট তৈরির মতো অনিয়ম রোধে কঠোর অবস্থানে নেত্রকোনা জেলা প্রশাসন। জেলা সদরসহ উপজেলার ১৮টি ফিলিং স্টেশনে গ্রাহক হয়রানি বন্ধ এবং সঠিক মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতে ১৮ জন কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এক দাপ্তরিক আদেশে উপজেলা পর্যায়ের কৃষি, মৎস্য, পরিবার পরিকল্পনা, যুব উন্নয়ন, সমাজসেবা এবং প্রাণিসম্পদ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাদের ট্যাগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধে কারণে কৃষি সেচ মৌসুম ও নিয়মিত পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যাপক চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন কোনো ধরনের কারচুপি করতে না পারে, মূলত সে কারণেই প্রশাসনের নজরদারি। এখন থেকে নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের মজুত, সরবরাহ এবং পরিমাপের সঠিকতা সরাসরি তদারকি করবেন নিযুক্ত ট্যাগ কর্মকর্তাবৃন্দ।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তারা হলেন- নেত্রকোনা সদর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহকে মেসার্স মোনাকো ইন্টারন্যাশনাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেনকে এ আর খান পাঠান ফিলিং স্টেশন, কৃষি সম্প্রসারণ অফিসার উচ্ছ্বাস পালকে মেসার্স কৃষ্ণদাস ফিলিং স্টেশন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম. আনোয়ার হোসেনকে মেসার্স মজুমদার ফিলিং স্টেশন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. নুরুজ্জামান মেসার্স শান্তি ফিলিং স্টেশন এবং উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেকে এবিসি ফিলিং স্টেশন।
পূর্বধলা উপজেলায় উপজেলা কৃষি অফিসার মো. আশরাফুল আলমকে মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন, উপ-সহকারী কৃষি অফিসার মো. সালাউদ্দিন খান রবিনকে জম জম ফিলিং স্টেশন এবং উপ-সহকারী কৃষি অফিসার দীলিপ চন্দ্র সরকারকে পূর্বধলা ফিলিং স্টেশন।
কলমাকান্দা উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানকে মেসার্স রাফি ফিলিং স্টেশন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামকে মেসার্স কলমাকান্দা ফিলিং স্টেশন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমকে মেসার্স রামিসা ফিলিং স্টেশন।
আটপাড়া উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবালকে দুর্জয় ফিলিং স্টেশন (তেলিগাতী) ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোশাররফ হোসেনকে শাহ্ সুলতান ফিলিং স্টেশন (মাটিকাটা)।
দুর্গাপুর উপজেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনকে মেসার্স খোরশেদ খান ফিলিং স্টেশন, বারহাট্টা উপজেলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে মেসার্স শুভ্র শান্তি ফিলিং স্টেশন, মদন উপজেলায় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনকে মেসার্স সাম্য ফিলিং স্টেশন এবং কেন্দুয়া উপজেলায় ভেটেরিনারি সার্জন ডা. সাখাওয়াত হোসেন তারেককে হিমালয় ফিলিং স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো ফিলিং স্টেশনে তেল সরবরাহে, ওজনে বা মূল্যে কোনো ধরনের অসংগতি দেখা গেলে গ্রাহকরা সরাসরি স্ব-স্ব এলাকার নিযুক্তকৃত ট্যাগ অফিসারদের কাছে অভিযোগ জানানো যাবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের যুগান্তকারী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও পরিবহন শ্রমিকরা। তারা মনে করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ নজরদারির ফলে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।
