শুক্রবার, সেপ্টেম্বর ১৮

 

ভোগান্তি থেকে ক্ষোভ বাড়ছে, আরও বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরে বলা হয়েছে, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। এতে তারা বিরক্ত হচ্ছেন। এ চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাম্প কর্মীদের। চলমান পরিস্থিতিতে সংঘর্ষ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, তেল কোম্পানি থেকে যে পরিমাণ জ্বালানি পাম্পগুলোকে দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম। তাই গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না পাম্প-সংশ্লিষ্টরা। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি জ্বালানি তেল ঘিরে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয় অনেক পাম্পে। মজুতদারি ঠেকাতেও নেওয়া হয় নানা পদক্ষেপ। পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে ‘ট্যাগ অফিসার’।

একাধিক জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছেন। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

রাজধানীর বিমানবন্দর এলাকায় রোববার রাতে অকটেন না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইকাররা। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব) কার্যালয়ের বিপরীত পাশের মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাইকারদের সড়ক থেকে সরিয়ে দেন। এ ছাড়া শরীয়তপুরে তেল না পেয়ে শনিবার শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার এলাকায় হাজি আবদুল জলিল ফিলিং স্টেশনের সামনে বিক্ষোভ করেন দেড় শতাধিক কৃষক। পেট্রোল পাম্পটি ঘেরাও করেন তারা। এ ছাড়া নড়াইলে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। শুধু এসব ঘটনা নয়, কিছু দিন ধরে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠছেন অনেকে।

প্রতিবেদনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এক নেতার ভূমিকার কথা তুলে ধরা হয়। কেউ যাতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। পুলিশের ওই প্রতিবেদনে নড়াইলের তানভীর ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবস্থাপক নাহিদ হোসেনকে ট্রাকচাপায় হত্যার বিষয়টি তুলে ধরা হয়। ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। ওই মৃত্যু ঘিরে উদ্ভূত পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে। এতে তেলের জন্য পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মোটরসাইকেলের তুলনায় দূরপাল্লার বাসে জ্বালানি সংকট তুলনামূলক কম বলে দাবি করা হয়। চাহিদামতো জ্বালানি আমদানি করতে চুক্তির বাইরে বিকল্প উৎস খোঁজা হচ্ছে– এ তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

    Share.

    মোঃ আব্দুল আওয়াল হিমেল
    প্রকাশক ও সম্পাদক 
    দ্যা মেইল বিডি ডট কম
    মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
    ইমেইল: themailbdnews@gmail.com
    ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

    নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
    জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

    © ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
    Exit mobile version