মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে মাঠপর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের বিষয়টি অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের ওপর নির্ভরশীল। নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ভালো পারফরম্যান্স দেখানো কর্মীদের সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, শতভাগ সফলতা না এলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের চেয়ে ব্যবহারিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ডিএনসিসি ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদারভাবে বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ মোট ৮২ জন অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা দিকনির্দেশনা দিচ্ছেন। 