নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে প্রেমের ফাঁদে ফেলে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহরণের মূল হোতা কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কামাল হোসেন সিলেট জেলার বাসিন্দা।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুর সোয়া ২টার দিকে ভৈরব থানাধীন কালিপুর এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসনেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অপহরণকারী কামাল হোসেন ও ভিকটিম কিশোরীর বাড়ি একই এলাকায়। পাশাপাশি বসবাসের সুবাদে নাবালিকা ওই কিশোরীকে ফুঁসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তা মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মীমাংসা হওয়ার আগেই কামালের প্ররোচনায় পড়ে গত ১৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায় ওই কিশোরী।
এ ঘটনায় ভিকটিমের দাদা বাদী হয়ে পরদিন ১৭ মার্চ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) দুপুর ২টা ২০ মিনিটে সিপিসি-২, র্যাব-১৪ (ভৈরব ক্যাম্প) এবং র্যাব-৯ (সিলেট) এর সমন্বয়ে যৌথ আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃত অপহরণকারীর বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) নিকট হস্তান্তর করা হয়েছে।
