ইবি প্রতিনিধি:
দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) বিএনসিসি নৌ শাখার দুইজন ক্যাডেট। তারা হলেন ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত বৃষ্টি ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম।
বৃহস্পতিবার(২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজে অংশ নেন তারা। এবারের আয়োজনে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয় বলে জানান তারা।
ক্যাডেট ল্যান্স কর্পোরাল কারিমা তাসনিম বলেন, “স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পেরে আমি সত্যিই খুব গর্বিত ও আনন্দিত। এটি শুধু একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। এই দিনে দেশের জন্য কিছু করতে পারার অনুভূতি আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের একজন শিক্ষার্থী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত সম্মানের।”
ক্যাডেট আন্ডার অফিসার ইফফাত বৃষ্টি বলেন, “দীর্ঘ ১৮ বছর পর স্বাধীনতা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্যারেডে অংশগ্রহণ করতে পেরে আমি নিজে অনেক গর্ববোধ করছি। দীর্ঘ ২০ দিন অনুশীলনের পর প্যারেড অনুষ্ঠিত হওয়ায় সচরাচর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে চায় না। এ বছর আমরাই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দুইজন ক্যাডেট এই স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করি।”
তিনি আরো বলেন, “এ বছর রমজানে এই প্যারেড অনুশীলন অনুষ্ঠিত হয়ওয়ায় রমজান শেষে ক্যাডেটগণ সেখানেই ঈদ করে, ঈদের ছুটি পরিবারের সাথে কাটাতে পারেনি। এটাও এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা পরিবার থেকে দূরে নতুন মানুষ জনের সাথে একটা ঈদ কাটানো। এভাবে দীর্ঘ সময় প্যারেড অনুশীলনের পর ২৬ মার্চ আমরা জাতীয় স্বাধীনতা দিবস কুচকাওয়াজে অংশগ্রহণ করি এবং সফলভাবে তার সম্পন্ন করি।”
