নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. সেন্টু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইলের ঝুনকাইল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৫৮) জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যান। এ সময় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন। কিন্তু নামাজ শেষে ফিরে এসে দেখেন তার গাড়িটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির বাদী হয়ে ঘাটাইল থানায় চুরি মামলা দায়ের করেন।
মামলাটি রুজু হওয়ার পর র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) এর আভিযানিক দল ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং চোর চক্রকে ধরতে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুরের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে মো. সেন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই একই চুরির ঘটনায় গত ২ মার্চ লালমনিরহাট জেলার আব্দুল কাদের (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মামুন আহমেদ (৪২) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
র্যাব জানিয়েছে, সর্বশেষ গ্রেফতারকৃত অভিযুক্ত সেন্টুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
