নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আটপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক রোজাদার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হোসাইন আহমেদ একদিলের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূঁইয়া, জেলা শূরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান দিলোয়ার হোসাইন সাইফুল। এছাড়া অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা, তাকওয়া অর্জন এবং এর তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়-নীতি, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা আবেগময় পরিবেশে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এরপর আজানের ধ্বনির সাথে সাথে সকলে একত্রে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
