মাভাবিপ্রবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ভবন ও দ্বিতীয় গেট প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’,‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’,‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’,‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিজিই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাফিজ বলেন, “এই অন্তর্বর্তী সরকার আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু তাদের কার্যক্রম দেখে মনে হয় তারা কাঠের পুতুলের মতো।” তিনি দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, “এই রাষ্ট্র কি অন্তর্বর্তী সরকার চালায়, নাকি ডিপস্টেট চালায়?” ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি যত কাজই করুন না কেন, শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে আপনি ব্যর্থ। ছাত্র-জনতা যে বিশ্বাস নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, আপনি তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।”
আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, “আজ থেকে ৫৬ দিন আগে এই শুক্রবারেই আমার ভাই শহীদ হাদিকে হত্যা করা হয়েছিল। কিন্তু ৫৬ দিন পার হলেও সরকার এখনো অপরাধীদের শনাক্ত করতে পারেনি।” তিনি আরও বলেন, “যেখানে সরকার সত্য ও ন্যায়ের কথা বলে, সেখানেই দমন-পীড়ন চালানো হচ্ছে।”
জাবেরের ওপর হামলাকারী পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি মিলিসেকেন্ডে রূপ বদলাতে পারেন, আমরাও প্রয়োজনে জুলাইয়ের রূপে ফিরতে সময় নেব না।” ডিএমপি কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার নির্দেশদাতা ও সময়সূচি জনসমক্ষে প্রকাশ করতে হবে।”


