নিজস্ব প্রতিবেদক: “জ্ঞানেই মুক্তি, আগামির ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরআগে সকাল ১১টায় জেলা শহরে মোক্তারপাড়ায় অবস্থিত সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে গ্রন্থাগারের গুরুত্ব এবং পাঠক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান পূর্ণিমা ডালু।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাফিকুজ্জামান বলেন, “একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে বইমুখী করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, ব্র্যাকের এরিয়া ম্যানেজার খায়রুল হক।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বইপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
