অনলাইন ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় টাকা পাওনাকে কেন্দ্র করে ভায়রা ভাইকে হত্যার ১১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের টাউনহল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাবিবুর রহমান মুক্তাগাছা থানাধীন কান্দাপাড়া হরিপুর দেউলি গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম বাবুল (৩৭)। তিনি জেলার ফুলবাড়ীয়া থানাধীন তেলিগ্রাম গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি গ্রেফতার হাবিবুর রহমানের বড় ভায়রা ভাই ছিলেন।

র‍্যাব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল শ্বশুর আ. বারেকের বাড়ি মুক্তাগাছার মহেশবাড়ি গ্রামে আসেন আবুল কালাম বাবুল ও হাবিবুর রহমান। এ সময় বাবুল তার পাওনা টাকা ফেরত চায় ছোট ভাইরা ভাই হাবিবুরের কাছে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর একটি কাঁচের বোতল দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।

তিনি আরো বলেন, হত্যার ঘটনার পর ২০ এপ্রিল নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাবিবুরকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। পরে ১৩ মে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হলে ঐ মামলাটি হত্যা মামলা হিসেবে নথিবদ্ধ করে হাবিবুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যান তিনি।

এদিকে দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাবিবুর ময়মনসিংহের টাউনহল মোড় এলাকায় এসেছেন। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

 

টিএমবি/হলি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version